‘ফিলিস্তিনে মুসলমান ভাই-বোনকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল- তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারাদেশে কিন্তু বিএনপি নীরব, তারা একটা কথাও বলছে না। সুতরাং আমরা একথা বলতে পারি বিএনপি হচ্ছে জঙ্গিদের দল, হত্যাকারীদের দল, বিএনপি হচ্ছে অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করবার দল।’
আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক ও সদস সদস্য শিরীন আখতার এসব কথা বলেন।
শিরীন আখতার বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর এলাকায় রাস্তায় গর্ত, উন্নয়ন বঞ্চিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই এলাকার মেয়ে হলেও এলাকার উন্নয়নের দিকে খেয়াল করেননি। তার কাছে বড় ছিল ক্ষমতা, তার সাথে সম্পর্ক জামায়াতের, জঙ্গিদের সাথে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুকে স্বীকার করতে চায় না, তারা ৩০ লাখ শহীদদের কথা বলতে নারাজ। তাই আগামী দিনের সরকার গঠনে নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মতো শেখ হাসিনা বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা যদি সামনের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের ভাতা নিয়মিত চালু থাকবে, আর যদি না করেন তাহলে ভবিষ্যতে অন্য কেউ ক্ষমতা এলে এই ভাতা বন্ধ করে দেবে। শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে আগামীতে এ ভাতা আরও বৃদ্ধি করা হবে। তাই আপনারা সবসময় শেখ হাসিনারকে দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে আবার নির্বাচিত হতে পারেন।
এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশু উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত প্রকল্পের মাধ্যমে গোপাল ইউনিয়নের প্রত্যক্ষ উপকারভোগীরা জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে, রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, গোপাল ইউনিয়ন জাসদের সভাপতি আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মহামায়া ইউনিয়ন সভাপতি আবুল বাশার ও সম্পাদক কাজী সাইফুল।
উল্লেখ্য, ছাগলনাইয়া গোপাল ইউনিয়নে ভাতা পাচ্ছেন ১৬১০ জন, রাধানগরে বয়স্ক ভাতা পাচ্ছেন ৮৭৫ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩৮৪ জন, বিধবা ভাতা পাচ্ছেন ৩৭২ জনসহ মোট ১৬৩১ জন ভাতা পাচ্ছেন।