যশোরের অভয়নগরে মধ্যরাতে কারাবন্দি এক বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। মশিয়ার রহমান নামে ওই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য। গত ১৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যাওয়ার পথে গ্রেপ্তার করে পুলিশ। তিনি যশোর কারাগারে রয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ধোপাদী নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মশিয়ার রহমানের ছোট ভাই হাফিজুর রহমান বলেন, মধ্যরাতে ভাইয়ের বাসভবনে লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় চলে আসে। তারা দেখতে পায় বাসভবনের গেটে, পিলারে ও দেয়ালে ৩ টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালাতে দেখা যায় । খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ এসে বোমার আলামত জব্দ করে নিয়ে যায়।
হাফিজুর আরও জানান, তার ভাই বিএনপি নেতা মশিয়ার রহমান মশি গত ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য যাওয়ার পথে উত্তর কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ আটক করে। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।