ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় পরকীয়া প্রেমের সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত পাওয়ার টিলারচালক জামাল মিয়াকে (৩৫) মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার এ অভিযোগ পরকীয় প্রেমিকার স্বামী, ছেলে ও ছেলের বন্ধুর ওপর।
নিহত জামাল পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় ওই নারীর স্বামী শরীফ (৩৮), ছেলে সজিব (১৯) ও সজিবের বন্ধু মামুনকে (১৯) আটক করেছে গৌরীপুর থানা পুলিশ।
এ ঘটনায় প্রেমিকা নারী পলাতক রয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জেরে জামালকে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শরীফ, তার ছেলে সজিব ও সজিবের বন্ধু মামুনকে আটক করা হয়েছে। শরীফের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত লোহার রড ও রক্তমাখা বিছানার চাদর জব্দ করা হয়েছে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপিয়া মজুমদার জানান, জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, জামাল ও শামসুন্নাহারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পরকীয়ার সম্পর্ক চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিশ দরবার হয়েছে, কিন্তু তাদের থামানো যায়নি।