ডিভোর্সের বিষয়ে মনস্থির করে ফেলেছেন স্বামী ও স্ত্রী। পরস্পরের প্রতি তীব্র ঘৃণা পোষণ করছেন। এমন পরিস্থিতিতে তাদের একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা। সম্প্রতি এমনই মন্তব্য করলেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। এক দম্পতিকে ডিভোর্সের সম্মতি দেওয়ার সময়ই এ কথা জানায় বিচারপতি সৌমিত্র দয়াল সিং ও অরুণকুমার সিং দেশওয়ালের বেঞ্চ।
উচ্চ আদালতকে বলতে শোনা গেছে, অশোক ঝা ও প্রতিভা ঝা নামের ওই দম্পতি একে অপরের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদও চরমে পৌঁছেছে। এছাড়াও পরস্পরের প্রতি তাদের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর। আদালতের মন্তব্য, ওদের একসঙ্গে থাকতে বলাটা নিষ্ঠুরতা। খবর সংবাদ প্রতিদিনের।
পাশাপাশি আদালত অশোককে নির্দেশ দিয়েছেন, তিন মাসের মধ্যে স্ত্রীকে এক কোটি রুপি খোরপোশ দেওয়ার। দেরি হলে বার্ষিক ৬ শতাংশ হারে সুদও দিতে হবে। উল্লেখ্য, ২০০২ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন স্বামী। ২০১৯ সালের নভেম্বরে এক পারিবারিক আদালত সেই আর্জি খারিজ করে দেয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী।