চলে গেলেন ভাষাসৈনিক মিয়া আব্দুল মতিন

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া (৯৩) মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিয়া আব্দুল মতিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী টনকী গ্রামে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আটজনের মিছিলে নেতৃত্ব দেন মিয়া আব্দুল মতিন। তখন তিনি আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মিছিলটি আখাউড়া উপজেলার মোগড়া বাজার ও গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি মিয়া আব্দুল মতিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুই মাস কারাবরণ শেষে জেল থেকে তিনি ছাড়া পান তিনি।