গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যায় মামলা

গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় পূর্ববিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিহতদের বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এ মামলা করেন।

তবে পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত এই জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শুধু এক রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহত দুই ভাই হলেন ময়মনসিংহের নান্দাইল থানার মহেষকুড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. শফিকুল ইসলাম (২৫) ও মো. শুকুর আলী (২২)। তারা গাজীপুর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়িতে ভাড়া থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।