ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা ‘লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার’ ঝুঁকি সৃষ্টি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার (২২ অক্টোবর) এ কথা বলেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ লেবাননকে এমন এক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা থেকে তারা কিছুই পাবে না। বরং অনেক কিছু হারাতে হবে। তারা উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে তিনি মন্তব্য করেন।
নতুন করে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর একটি ব্যাপক ও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জোনাথন কনরিকাস এ মন্তব্য করলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ছয়জন যোদ্ধা নিহত হয়েছে। এদিন লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, তাদের একজন সৈন্যকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের সীমান্ত বরাবর অন্তত চারটি ভিন্ন এলাকায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হয়েছে ইসরায়েলের। এতে করে গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সাতজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ ছাড়া হিজবুল্লাহর সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে গেছেন সীমান্তের উভয় পাশের বাসিন্দারা।