বিএনপি নেতাদের দিয়ে শাড়ি বিতরণ করায় পূজামণ্ডপের সেক্রেটারির ওপর হামলা

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতাদের দাওয়াত করে শাড়ি (বস্ত্র) বিতরণ অনুষ্ঠান করায় হামলার শিকার হয়েছেন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শিবু চন্দ্র দাস (৫৫)।

শনিবার (২১ অক্টোবর) রাতে বন্দর ১ নম্বর খেয়াঘাট ময়মনসিংহপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় শিবু চন্দ্র দাসকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবু চন্দ্র দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে শনিবার বিকালে বন্দরের র‌্যালী এলাকার মন্দিরে তার সভাপতিত্বে মহানগর বিএনপির পক্ষ থেকে গরিব মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা চলে গেলে ‘মন্দিরে বিএনপি নেতাদের এনে কাজ ঠিক করেননি’ বলে তাকে শাসিয়েছেন স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের কর্মী সুজন।

তিনি বলেন, ‘হুমকি পাবার পর কিছুক্ষণ আমি মন্দিরেই বসে ছিলাম। মাগরিবের আজানের পরে মন্দির থেকে বেরিয়ে ১০০ গজ যেতেই ৭-৮ জনের একটি দল ধারাল ছুরি আর লাঠি হাতে আমার ওপর হামলা করে। ছুরির আঘাতে আমার বা হাতের আঙুল ও পা কেটে গেছে। মন্দিরেই পুলিশ ছিল। খবর পেয়ে তারা আহত অবস্থায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শিবু বলেন, ‘আমাকে ৬টায় হুমকি দিল আর ৭টার কিছুক্ষণ আগে হামলার শিকার হলাম। বিএনপির অনেকেই প্রোগ্রামে ছিল কিন্তু কেবল আমার ওপর হামলা করেছে। কারণ আমি হিন্দু, আমি দুর্বল তার ওপর বিএনপি করি।

এ ঘটনার নিন্দা জানিয়ে মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে আমরা চলে আসি। এরপরই সরকারদলীয় লোকেরা শিবু দাসের ওপর হামলা করে। আমরা এই হামলার ঘটনার জড়িতদের বিচারের দাবি জানাই।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সন্ত্রাসী হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সংঘর্ষ এড়ানোর জন্য র‌্যালী লেজারার্স পূজামণ্ডপে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।