কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বারে ঢুকে শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক নামের এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, শনিবার (২১ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার একই বিল্ডিংয়ের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু ও তার স্ত্রী-সন্তানরা মিলে ডা. জহিরুল হকের ওপর হামলা চালান।
স্থানীয়রা জানান, একই ভবনে থাকেন ডা. জহিরুল হক দম্পতি ও সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু। ভবনটির পরিচালনা ও কমিটি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ চলছিল। এরই সূত্র ধরে শনিবার ডা. জহিরুল হক এর উপর হামলা করে পাপ্পু।
ডা. জহিরের স্ত্রী হিমির বড় ভাই কাজী শরিফ বলেন, রেসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে একদল লোক এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ডা. জহির গুরুতর আহত হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘন্টা পর্যবেক্ষণ ছাড়া ওই চিকিৎসককে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সাঞ্জুর মোর্শেদ বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ডা. জহিরুল হকের ওপর হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।