গণতান্ত্রিক বিশ্বকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। তারা চাপ দিলে যেন পদত্যাগ করতে না পারে এ ব্যাপারে নির্দেশনা জারি করতে আওয়ামী লীগের এক আইনজীবী উচ্চ আদালতে রিট করেছেন।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা বিএনপির আয়োজনে ‘অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি’ আদায়ের লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, জেলা এবং কেন্দ্র উভয় দিকেই পাহারাদার রাখতে হবে, যেন সরকার এক জায়গাতেও কোনো অঘটন ঘটাতে না পারে। আওয়ামী লীগ বলেছে শাপলা চত্বরের চাইতেও নাকি করুণ পরিণতি হবে আমাদের, তার মানে ওবায়দুল কাদের বেখেয়ালে স্বীকার করে নিয়েছেন শাপলা চত্বরে তারা অনেক মানুষকে খুন করেছে। গণতন্ত্র মুক্ত হলে বেগম খালেদা জিয়া এমনিতেই মুক্ত হবেন, দেশ সুস্থ হলে তিনিও সুস্থ হয়ে যাবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন।

পৌর শহরের সরদারপাড়া এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সধারণ সম্পাদক শাহ মো.ওয়ারেছ আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্যরা বক্তব্য দেন।