সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘুড়ের বাজার এলাকায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম শিপন (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলাশ (৪০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

শিপন সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে যুবলীগ নেতা আরিফুল ইসলাম শিপন দাড়িয়ে ছিলেন। এ সময় পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বারিক ও রুবেলসহ ৩জন আরেকটি মোটরসাইকেলে যাবার সময় শিপনের মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এ নিয়ে শিপনের সাথে তাদের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তারা শিপনকে মারধর করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেও তারা শিপনের উপরে হামলা চালায়। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করা হয়।

আহত আরিফুল ইসলাম শিপন জানান, আমাকে হাসপাতালে নেওয়ার পরে সন্ত্রাসীরা আবারও আমার উপর হামলা চালায়। আমি টের পায়ে নিজেকে বাঁচাতে হাসপাতালের পুরাতন গেট দিয়ে পালানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাকে ঘিরে ধরে বেধরক মারপিট ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারিরা আমাকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আহত শিপনের বড় ভাই আহসান হাবিব লিপন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই অভিযান চালিয়ে সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লা থেকে পলাশ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল জানান, হামলাকারীরা সকলেই বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী। পুলিশ ইতোমধ্যেই অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।