দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে

দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় ২৩, ফেনীতে ২২, টেকনাফে ৭, চট্টগ্রামে ৬, রাঙ্গামাটিতে ৩, ঢাকা, কক্সবাজার, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ২, বান্দরবানে ১ মিলিমিটার ও কুমিল্লায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজকের বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আগামীকাল মঙ্গলবারের (২৪ অক্টোবর) বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ সামান্য কমলেও আগামীকাল এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজ সকাল ৬টায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।