গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে তারা এই অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সকালে কাজে যোগ দিয়ে প্রথমে পূর্বাণী গ্রুপের শ্রমিকেরা ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে রাস্তায় নেমে আসে। সকাল পৌনে ৯টার দিকে তারা রাস্তা অবরোধ করে। এর পর তাদের সঙ্গে আরও চারটি পোশাক ও সোয়েটার কারখানার শ্রমিকরা যুক্ত হন।
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা পৌনে ১টা) তারা রাস্তা থেকে সরে যায়নি। যান চলাচলও স্বাভাবিক হয়নি।