বিশ্বকাপটা দুর্দান্ত কাটছে বিরাট কোহলির। একের পর এক চমৎকার পারফরম্যান্স করছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান। বিশেষ করে, রান তাড়ায় নিজেকে তো অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আর তাই তাকে মহেন্দ্র সিং ধোনির চেয়েও বড় মাপের ফিনিশার মনে হয় গৌতম গম্ভিরের কাছে।
সবশেষ দুই ম্যাচে রান তাড়ায় চমৎকার দুটি ইনিংস খেলেছেন কোহলি। পুনেতে বাংলাদেশের বিপক্ষে শতরান করে দলকে জিতিয়েছেন। কাল ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য অল্পের জন্য শতরান পাননি। ম্যাচের একেবারে শেষ দিকে আউট হয়েছেন ৯৫ রানে। তবে কোহলির এই ইনিংসও দারুণ প্রশংসা পাচ্ছে। আলোচনা শুরু হয়েছে কোহলির ম্যাচ জিতিয়ে ফেরার সামর্থ্য নিয়ে।
ভারতীয় ওপেনার গম্ভীর তো বলেই দিয়েছেন, সবাই ধোনির ম্যাচ জিতিয়ে ফেরার সামর্থ্য নিয়ে বেশি আলোচনা করলেও কোহলি এই কাজে ধোনির চেয়ে অনেকটাই এগিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানোর পর স্টার স্পোর্টসের আলোচনায় গম্ভীর এ নিয়ে কথা বলতে গিয়ে ‘ফিনিশার’ শব্দের ব্যাখ্যা দিয়েছেন, ‘ম্যাচ জিতিয়ে ফেরার সামর্থ্যে কোহলির ধারেকাছেও কেউ নেই। “ফিনিশার” কাকে বলে আসলে! যে ব্যাটসম্যান পাঁচ কিংবা সাতে ব্যাটিং করে, সে–ই? না! ফিনিশার তাকেই বলে, যে ব্যাটসম্যান রানতাড়ায় দুর্দান্ত। ধোনিকে সবাই ফিনিশার বলে। কিন্তু কোহলি ধোনির চেয়েও ভালো।’
রান তাড়ার সময়ই নিজেকে পুরোপুরি মেলে ধরেন কোহলি। ভেতর থেকে বের করে নিয়ে আসেন নিজের সামর্থ্যের সবটুকু। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় কোহলির যে কত দারুণ ইনিংস আছে, তার হিসেব নেই। মহেন্দ্র সিং ধোনিরও এমন ম্যাচ জিতিয়ে ফেরার অনেক উদাহরণ আছে। ৬ কি ৭ নম্বরে ব্যাট করে ধোনি ম্যাচ জিতিয়ে ফিরতেন।
তবে গম্ভীরের অনুযোগ, টপ অর্ডার ব্যাটসম্যানদের কেন ‘ফিনিশার’ হিসেবে ধরা হয় না, যেটি ঠিক নয়। বিরাট কোহলি যেভাবে ভারতকে বারবার ম্যাচ জিতিয়ে ফিরেছেন, তাতে ফিনিশারের তকমাটা তার সঙ্গে খুব ভালোভাবেই যায়।