ইংল্যান্ডের বিশ্বকাপ দলে টপলির বদলি কার্স

এমনিতেই বিশ্বকাপটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। এর ওপর নির্ভরযোগ্য পেসার রিস টপলিকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আঙুলের চোটে ছিটকে পড়া এই ক্রিকেটারের বদলি নিয়েছে তারা।

ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন ব্রাইডন কার্স। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানিয়েছে, এই পরিবর্তনের অনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

বিশ্বকাপে ইংলিশদের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন টপলি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দলের হয়ে সবচেয়ে বেশি ৮ উইকেট নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত শনিবারের ম্যাচে নিজের নবম ওভারে পঞ্চম বল করতেই বাঁ-হাতের তর্জনিতে আঘাত পান তিনি। এরপর মাঠ ছেড়ে উঠে যান। সেই সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপও।

টপলির বদলি হিসেবে দলের সঙ্গে ভারতে থাকা জোফরা আর্চারের নাম ঘোষণার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের কোচ ম্যাথু মট তা আগেই উড়িয়ে দিয়েছেন। টপলির পরিবর্তে সুযোগ পাওয়া ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন।

চ্যাম্পিয়ন হিসেবে ভারতে খেলতে এসে একের পর এক প্রতিপক্ষের কাছে হারছে ভারত। চার ম্যাচ শেষে এখন পর্যন্ত তাদের জয় কেবল একটিতে। বড় ব্যবধানের হারের কারণে পয়েন্ট টেবিলেও আছে তলানির দিকে। ১০ দলের মাঝে ইংলিশদের অবস্থান নবম।