ট্রাকচাপায় ২ জন নিহত, চালক গ্রেপ্তার

রাজধানীর বসিলা ব্রিজের সামনে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় ২ জন সিএনজি অটোরিকশা আরোহী নিহত ও ৪ জন গুরুতর আহতর হওয়ার ঘটনায় ঘাতক চালক মো. ইয়াছিনকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম সোমবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মোহাম্মদপুর যাচ্ছিল।

সিএনজিটি বসিলা ব্রিজ থেকে নামা মাত্রই অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রামবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়। ওই ঘটনায় নিহত সেলিমের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চালক এবং হেলপারকে আসামি করে মোহাম্মদপুরে মামলা করেন। পরে র‌্যাব গোয়েন্দা তথ্য ও কৌশলের মাধ্যমে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।