নির্বাচন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন : মোকাব্বির খান

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

তিনি বলেন, শুধু বিনিয়োগকারীরাই নয়, সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

আজ সোমবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩’ এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের মতো এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোকাব্বির খান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। তাতে অর্থনীতির চাকা সচল হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থনৈতিক অঞ্চলগুলো সচল হবে।

১০০টি অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে মোকাব্বির খান বলেন, বলা হয়েছিল, আগামী ২০৩০ সালের মধ্যে কাজ সম্পন্ন করে এক কোটি লোকের কর্মসংস্থান হবে। ৪০ মিলিয়ন ডলারের পণ্য পরিসেবা রপ্তানি করা যাবে। কিন্তু সেটি আজ প্রশ্নবিদ্ধ। বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে।