কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় যাত্রীবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেওয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার (চালক) , সহকারী লোকোমাস্টার ও গার্ডকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানান রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
তিনি জানান, দুর্ঘটনা তদন্তে রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির। এছাড়া চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কার্যালয় পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভৈরবে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।