‘কুইন’ সিক্যুয়ালে রাজি কঙ্গনা

অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ দিয়ে বলিউডে অভিষেক কঙ্গনা রনৌতের। সিনেমাটি সুপারহিট হলেও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মূলত বিকাশ বেহেলের ‘কুইন’ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে কঙ্গনাকে পরিচিতি দিয়েছে। মাঝে ‘#মিটু’র সরগরম সময়ে পরিচালক ও নায়িকার সম্পর্কে ভাটা পড়ে। ওই সময় বিকাশের বিরুদ্ধে কিছু অভিযোগও তোলেন কঙ্গনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, নিজেদের খারাপ সময় কাটাতে পুরনো তিক্ততা ভুলতেও রাজি তারা।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ ছিল ব্লকবাস্টার। বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দিয়েছিল নারীকেন্দ্রিক এ ছবি। জাতীয় পুরস্কারের আসরেও সম্মানিত হয়েছিল। তবে এ ছবির পরপরই পরিচালক বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন কঙ্গনা। বলেছিলেন, তাকে দেখলেই নাকি বিকাশ জড়িয়ে ধরতেন, চুলের গন্ধ শুঁকতেন। বিকাশকে ‘হাগ’ করলে নাকি তিনি কঙ্গনার ঘাড়ে মুখ গুঁজে দিতেন। আরও অনেকেই বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। এরপর থেকে বলিউডে কিছুটা কোণঠাসাও ছিলেন পরিচালক। তার কেরিয়ার একপ্রকার নিম্নমুখী। পরের বছরগুলোতে বেশ কিছু হিট সিনেমার দেখা পান কঙ্গনা। পরিচালক-প্রযোজক হয়েও কাজ করছেন। তবে তার সর্বশেষ ৫-৬টি ছবিও সাফল্যের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে কেরিয়ার বাঁচাতে হাত ধরাধরি করলেন পরিচালক-নায়িকা জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “প্রতিদিন আমি ‘কুইন টু’ তৈরির স্বপ্ন দেখি। আশা করি, শিগগিরই এই ছবির কথা ঘোষণা করতে পারব।” নতুন নায়িকা থাকবে কিনা এমন প্রশ্নের জবারে বিকাশ বলেন, “আমি এর কৃতিত্ব নেব না। কঙ্গনা প্রতিভাবান অভিনেত্রী, তাকে ছাড়া ‘কুইন টু’তে অন্য কাউকে কল্পনা করতেও পারি না। আমি কঙ্গনাকে নিয়েই ছবিটি করতে চাই, অন্য কাউকে নয়।”

সম্প্রতি বিকাশ বেহেলের সাক্ষাৎকারের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা। উত্তর হিসেবে ‘হ্যাঁ’ লেখেন তিনি। সামনে কঙ্গনাকে দেখা যাবে ‘তেজস’ ও ‘ইমার্জেন্সি’ শিরোনামের ছবিতে। হয়তো এর পরই শুরু হবে মিশন ‘কুইন টু’।