দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি বলেছেন, ‘শুধু বিনিয়োগকারীরাই নয়, সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
গতকাল সোমবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩’-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মোকাব্বির খান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের পরস্পর দোষারোপ চলছে। কিন্তু কথায় আছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? সুতরাং অতীতকে দোষারোপ করে লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি।’
মুক্তিযুদ্ধের মতো এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোকাব্বির খান। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। তাতে অর্থনীতির চাকা সচল হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। দেশ কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থনৈতিক অঞ্চলগুলো সচল হবে।’