ইসরায়েল সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ফ্রান্সের "পূর্ণ সংহতি" প্রদর্শনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক সফরে তেল আবিব পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন মাখোঁ।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা ও বিবিসি।

ইসরায়েলের ফরাসি প্রেসিডেন্টের এই সফরের উদ্দেশ্য হল ইসরায়েলের প্রতি ফ্রান্সের সংহতি প্রদর্শন, হামাসের হাতে এখনও বন্দী থাকা জিম্মিদের মুক্তিতে সহায়তা এবং বর্তমান সংঘাতের বৃদ্ধি রোধ করা বলে জানিয়েছেন মাখোঁর উপদেষ্টারা।

এ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি "প্রকৃত শান্তি প্রক্রিয়া" পুনরায় শুরু করা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাথে পশ্চিম তীরের উপনিবেশ বন্ধ করার বিষয়েও আলোচনা করা হবে বলে এএফপিকে জানিয়েছে মাখোঁর কার্যালয়।

এই সফরে মাখোঁ ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ এবং বিরোধী দলের মধ্যপন্থী নেতা বেনি গ্যান্টজ এবং ইয়ার ল্যাপিডের সাথেও দেখা করবেন।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই দেশটিতে সফর করেছেন একের পর এক পশ্চিমা নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মতো প্রভাবশালী পশ্চিমা নেতারা সফরের মাধ্যমে সমর্থন জানিয়েছেন ইসরায়েলকে।