অবশেষে ন্যাটোর সদস্য হতে যাচ্ছে সুইডেন

তুরস্ক ও হাঙ্গেরির ছাড়পত্র পেলেই সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার পথে শেষ বাধা দূর হবে সুইডেনের। তুরস্ক সোমবার সেই সিদ্ধান্ত অনুমোদনের লক্ষ্যে প্রস্তাব পেশ করার পর হাঙ্গেরিও দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার জের ধরে ইউরোপে নিরাপত্তার প্রয়োজনীয়তা আবার নতুন মাত্রা পেয়েছে। ফিনল্যান্ড ও সুইডেন নিজস্ব নিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়ে সামরিক জোট ন্যাটোয় যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।

ফিনল্যান্ডের সদস্যপদ নিয়ে তেমন কোনো সমস্যা না হলেও সুইডেনকে স্বাগত জানানোর প্রশ্নে তুরস্কের আপত্তি এতকাল ন্যাটোর জন্য অস্বস্তির কারণ ছিল। গত বছর মে মাসে দুই দেশই আবেদন পেশ করার পর চলতি বছরের এপ্রিল মাসে ৩১তম সদস্য হিসেবে ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেয়।

অবশেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সুইডেনের আবেদন সম্পর্কে আপত্তি তুলে নিয়ে পার্লামেন্টে সেই সিদ্ধান্তের অনুমোদন চেয়েছেন। গত জুলাই মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনেই এরদোয়ান সেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে পার্লামেন্টে অনুমোদনের দিনক্ষণ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ফলে সে বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে।