দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী আবারও আসছেন বাংলাদেশে। ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে এ শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শীর্ষক এই আয়োজনে আগামী ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (কেআইবি) গান গাইবেন নচিকেতা। শিগগিরই অনুষ্ঠানের টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেছেন, ‘নচিকেতা দাদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এবার ঢাকায় তার বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন। আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা (নচিকেতা) আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেক দিন পর সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।’
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় এসেছিলেন নচিকেতা চক্রবর্তী। সে সময় গীতিকার ও সুরকার কৌশিক হোসেন তাপসের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।