পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল গৃহবধূর

নীলফামারীর জলঢাকায় স্বামী-সন্তানদের নিয়ে বিভিন্ন ম-পে পূজা দেখতে এসেছিলেন সুধা রানী (৩৮)। সারা দিন ঘুরে রাতে পরিবারের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানটি কৈমারী খামাদ সিংড়িয়া ব্রিজের কাছে পৌঁছালে আরেকটি অটোরিকশা ওভারটেক করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভ্যানটি। প্রাণ হারান সুধা রানী। গত সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সুধা রানী উপজেলার শৌলমারী সিংড়িয়া চাকলা এলাকার সুভাষ চন্দ্র রায়ের স্ত্রী।

এদিকে গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।  চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় সারবোঝাই ট্রাক উল্টে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক প্রাণ হারিয়েছেন।

সুনামগঞ্জে জগন্নাথপুরে ট্রাকে ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে : 

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায়

নিহত ২ : গোপালগঞ্জে বাস ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। গতকাল মঙ্গলবার ভোররাত ৪টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪০) ও পিকআপের চালক শফিকুল ইসলাম (২৫)। তাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামেরকান্দি গ্রামে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এলে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মাছবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুইজনের মৃতুু হয়। এ সময় আহত হয় বাসের ৭ যাত্রী।

চট্টগ্রামে প্রাইভেট কারের চালক নিহত: চট্টগ্রাম নগরে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মো. সোহেল নামে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে বায়েজিদ লিংক রোডের ফৌজদারহাট অংশের সুপারিবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়াতল এলাকার মোহাম্মদ তৌহিদুল ইসলামের ছেলে।

সারবোঝাই ট্রাক উল্টে রাজমিস্ত্রি নিহত : মৌলভীবাজারের কুলাউড়ায় সারবোঝাই ট্রাক উল্টে সুলেমান মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।