ইসিদের মধ্যে সমন্বয়হীনতা নেই : ইসি হাবিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে ‘ধারণাপত্র’ পাঠিয়েছেন। এই ধারণাপত্র নিয়ে কমিশনারদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। তবে তা অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘আমাদের মধ্যে সমন্বয়হীনতা নেই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘অবশ্যই ভোটের পরিবেশ আছে। থাকবে না কেন? আপনারা (গণমাধ্যমকর্মী) একটা জিনিস বোঝার চেষ্টা করেন। ধারণাপত্রটা আপনারা পুরোপুরি পড়েন। টোটালটা পড়ার পরেই আপনারা চিন্তা করেন। এখানে কোনো অসত্য কথা লেখা আছে কি না। ধারণাপত্র নিয়ে সিইসি বলতে পারবেন। আর যে কমিশনার এ বিষয়ে কথা বলেছেন তিনি বলতে পারবেন।’ ধারণাপত্রে সিইসি বলেছেন নির্বাচনের পরিবেশ নেই? আরেক কমিশনার আনিছুর রহমান বলেছেন নির্বাচনের পরিবেশ ভালো আছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে ‘নেতিবাচক ধারণাপত্র’ পাঠিয়েছেন। তবে সিইসির ‘নেতিবাচক ধারণাপত্রে’র বিরুদ্ধে মতামত জানিয়েছেন ইসির একাধিক কমিশনার। ফলে বিষয়টি নিয়ে ইসিতে দেখা দিয়েছে মতানৈক্য। অন্তত দুজন নির্বাচন কমিশনার বলছেন, সিইসির ধারণাপত্রের ওই মূল্যায়ন একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা সিইসির মূল্যায়নের সঙ্গে একমতও নন। এ বিষয়ে সিইসির বক্তব্য চাওয়া হলেও তিনি গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি।