খিলক্ষেত থেকে অপহৃত উদ্ধার গ্রেপ্তার ৪

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ ও গাজীপুরের সালনা বাজার এলাকায় গত সোমবার অভিযান চালিয়ে রিমন চন্দ্র দে নামে এক ব্যক্তিকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ইকবাল হোসেন হাওলাদার, জাহাঙ্গীর জোমাদ্দার, মো. রাজু ও মো. আলামিন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, রিমন চন্দ্র দে নামে এক লোক অপহরণের পর সোমবার সকালে তার বাবার কাছে মোবাইল নাম্বার থেকে কল করে অপহরণের বিষয়টি জানায় ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।