নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক স্টেডিয়াম অবশেষে প্রাণ ফিরে পাচ্ছে। শিগগিরই এ স্টেডিয়ামের চেহারা বদলে যাবে। সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ ফিরবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। গতকাল মঙ্গলবার দুপুরে মাঠ পরিদর্শনকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফেসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আকরাম খান। এর আগে স্টেডিয়ামের উন্নয়নমূলক সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আকরাম খান বলেন, ‘আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু সম্ভব মাঠটি উঁচু করে খেলার উপযোগী করে তুলব।
এটা এ সিজনে না হলেও পরবর্তী সিজনে আমরা করতে পারব।’ এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘ এখানে আপাতত ফার্স্ট, সেকেন্ড ও প্রিমিয়ার ডিভিশন খেলা হবে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটিকে ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার করা প্রয়োজন। সেটা এনএসএ করবে।’ ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি আইসিসি অনুমোদিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম ছিল। এ মাঠটি নারায়ণগঞ্জকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছিল। ছয় বছর ধরে খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক স্টেডিয়ামটি পানির নিচে তলিয়ে আছে।