এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অতীতের মত সরকার আবারও বিরোধী দলীয় কর্মসূচি বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে। গ্রেপ্তার, হুমকি, ধামকি এবং পথে পথে বাঁধা সৃষ্টি করে ঢাকামুখী মানুষের স্রোত রুখে দেয়ার জন্য তারা নোংরা খেলায় মাতোয়ারা হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সকল বাঁধা বিপত্তি ডিঙিয়ে ২৮ অক্টোবরের সমাবেশগুলো গণতন্ত্রকামী জনগণ সফল করবে এবং এই বাঁধা সরকারের জন্য বুমেরাং হবে।
আগামী ২৮ অক্টোবর এবি পার্টি ঘোষিত ‘গণতন্ত্র সমাবেশ’ বাস্তবায়নের লক্ষ্যে আজ এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১২টায় এবি পার্টির বিজয় নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঞ্জু বলেন, বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ জোটের মহাসমাবেশ কর্মসূচির পাশাপাশি এবি পার্টির ‘গণতন্ত্র সমাবেশ’ নিয়েও জনমনে ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। জনগণের ম্যান্ডেট ছাড়া রাতের আঁধারে ভোট ছিনতাই করে সরকারী দল গত ১৫ বছর ধরে দেশকে অবৈধভাবে শাসন-শোষণ করে জন বিচ্ছিন্নতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ, অর্থনৈতিক সংকট এবং জন বিচ্ছিন্নতা এই সরকারের পতনকে অনিবার্য করে তুলেছে। তাই অতীতের মত সরকার আবারও বিরোধী দলীয় কর্মসূচি বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে।
সভায় বিভিন্ন উপ-কমিটির প্রস্তুতিগত অগ্রগতি ও পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন; পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, সদস্যসচিব এম আমজাদ খান, অ্যাডভোকেট সাঈদ নোমান, ছাত্র পক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।