নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, রাজনৈতিক বিষয়ে আমাদের কিছুই করার নেই। ভোটার অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আমার যা দায়িত্ব তার বাইরে আমি কিছু করতে পারবো না। তবুও আমরা আশায় বুক বেঁধে আছি হয়তো সবাই নির্বাচনে আসবে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
এসময় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ করার বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪ রাাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সারা দিয়েছেন। পরে যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ সাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা আসুন, আলোচনা করি, এক কাপ চা খাই। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবো না এবং আমাদের ম্যান্ডেটরি না।
তিনি বলেন, আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দলগুলোরও কিছু দায়বদ্ধতা আছে।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।