বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় বিস্মিত জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দাবি করেছেন, নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আজ বুধবার (২৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। একইসঙ্গে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় তিনি বিষ্মিত হয়েছেন বলে জানান।

গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, হামাস অহেতুক ইসরায়েলে হামলা চালায়নি। এমন মন্তব্যের পর ইসরায়েলিদের তোপের মুখে পড়েন গুতেরেস। তাকে পদত্যাগও করতে বলা হয়।

এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমার কিছু বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় আমি বিষ্মিত। আমি হামাসের হামলাকে সমর্থন জানিয়েছি, এটি মিথ্যা। আমি বিশ্বাস করি ভুক্তভোগী ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভুল (ধারণা) সঠিক করা প্রয়োজন।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ১৯ দিনে ছয় হাজার ৫৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে দুই হাজার ৭০৪ জন শিশু। এছাড়াও আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের হামলায় মৃত্যু হয়েছে এক হাজার ৪০৫ জন ইসরায়েলির। নিহতদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর ৩০৮ জন সৈন্য ও ৫৮ জন পুলিশ কর্মকর্তা রয়েছে।