জাতীয় নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক বলে মনে করছে জাতীয় পার্টি (জাপা)। পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ সংসদে তোলা হয়েছে।’ বিলটি পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার এক বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, ‘আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচন সামনে রেখে আনসার ব্যাটালিয়ন বাহিনীকে পুলিশের মতো অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে। আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেওয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। মাঠপর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে।’
এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে জানিয়ে বিবৃতিতে জাপা চেয়ারম্যান আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ প্রত্যাহারের দাবি জানান।