চিকিৎসক অধ্যাপক রিদওয়ানুর রহমান মারা গেছেন

দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোররাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মীদের রেখে গেছেন। অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শোকবার্তায় বলা হয়, ‘ডা. রিদওয়ানুর রহমান ছিলেন বাংলাদেশে মেডিসিন বিভাগে একজন কিংবদন্তি শিক্ষক ও দেশবরেণ্য চিকিৎসক। ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে তার গবেষণা চিকিৎসা বিজ্ঞানের সব মহলে অনেক সমাদৃত হয়েছে।

স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার ১৬৭টি পাবলিকেশন এবং ৫ হাজার ২৮৪টি সাইটেশন রয়েছে। তার মৃত্যু বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য অপূরণীয় ক্ষতি।’ এ চিকিৎসক ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন। ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি তার কর্মজীবন শেষ করেন। অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সেল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন।