কাদের

শান্তি সমাবেশে বিএনপি হামলা করলে পাল্টা হামলা হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ অক্টোবর আমরা শান্তি সমাবেশ করবো। তবে আন্দোলন সামনে রেখে বিএনপি আক্রমণ করতে এলে চুপচাপ বসে থাকবো না, আমাদের কর্মীরাও পালটা হামলা করবে।

কর্ণফুলী টানেলের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানী সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পালটা হামলা করবে। তবে আগ বাড়িয়ে কোনো উস্কানি দেওয়ার প্রশ্নই উঠে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নয় তারা ৪৭ এর দ্বিজাতিতত্ত্ব ধারণ করে বলেই ৭১ এর পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত বার বার চেষ্টা করছে আওয়ামী লীগকে ধ্বংস করার। তিনি প্রশ্ন করেন, তারা কি ৭৫ এর হাতিয়ার ধারণ করে শেখ হাসিনার হত্যা করতে চায়?

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এমন ভয়, আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে।

কাদের বলেন, পরিবহনের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন, ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে। ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতেঙ্গা প্রান্তে। আনোয়ারা ইপিজেডের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।