ইডেনের নেটে তাসকিন

ইডেন গার্ডেনগামী প্রধান রাজপথটার দুধার সেজেছে নানা রঙের আলোয়। দুপাশে সারি সারি রাখা আসন। নাহ। ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সূচনা হতে যাচ্ছে বলে এত সাজগোছ নয়। দুর্গোৎসব উপলক্ষে কলকাতাজুড়ে শত শত প্যান্ডেলে এতদিন সযতেœ সাজিয়ে রাখা প্রতিমা গঙ্গায় ভাসাতে নিয়ে যাওয়া প্রথম পথ এটাই। এই পথেই আজ সন্ধ্যা থেকে প্রতিমা নিয়ে হবে বিদায়ী প্যারেড। প্রতিমা বিসর্জনের কয়েক ঘণ্টা বাদে গঙ্গার ধার ঘেঁষে গড়ে ওঠা ইডেনে বাংলাদেশ চাইবে একটা নতুন শুরু পেতে।

বিশ্বকাপের মাঝপথে এসে নতুন শুরুর কথা পড়ে অবাক হবেন না। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানো বাদে বিশ্বকাপে যে মনে রাখার মতো কিছুই ঘটাতে পারেনি বাংলাদেশ। টানা চার ম্যাচ হেরে ফিকে হয়ে গেছে ওয়ানডে ফরম্যাটে গত কয়েক বছরের সব অর্জন। টানা হারের ধারাটা ভাঙতে ইডেনে আগামীকাল নেদারল্যান্ডসকে হারাতে হবে। আনন্দ নগরী কলকাতায় পা রেখে সেই প্রস্তুতি গতকাল সন্ধ্যায় শুরু করেছে সাকিববিহীন বাংলাদেশ। মনমরা ভাবটা ঝেড়ে ব্যাটে-বলে বড্ড মনোযোগী ছিলেন ক্রিকেটাররা। দেড় ঘণ্টার সেশন থেকে এসেছে বড় সুখবর। ডান কাঁধের চোট কাটিয়ে কাল নেটে অনেকটা সময় ফুল লাইন-আপে বোলিং করেছেন আগের দুই ম্যাচ মিস করা তাসকিন আহমেদ। ডান কাঁধের চোট নিয়ে প্রথম তিন ম্যাচ খেলেছিলেন ফর্মে থাকা এই ফাস্ট বোলার। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বল করে ছিলেন বড্ড খরুচে। তবে ভারত ম্যাচের আগে চোট বেড়ে গেলে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি। পুনেতে সর্বশেষ ১৭ অক্টোবর নেটে বোলিং করার পর থেকেই বিশ্রামে ছিলেন। বেঞ্চে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের সাক্ষী হয়েছেন। ৯ দিনের বিশ্রাম কাটিয়ে নেটে ফিরলেন তাসকিন। আগামীকাল একাদশে দেখা যাবে কিনা, সেটা অবশ্য ছেড়ে দিতে হচ্ছে সময়ের হাতে।
তাসকিন নেটে প্রায় আধ ঘণ্টা বোলিং করেছেন থেমে থেমে। একেকটা ডেলিভারির পর দেখা গেছে বোলিং কোচ অ্যানাল্ড ডোনাল্ডের সঙ্গে কথা বলতে। তাসকিনের মতো অনেক সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন প্রোটিয়াদের বিপক্ষে জায়গা হারানো তাওহীদ হৃদয়ও। ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে কোচ হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাসের পরামর্শও শুনেছেন মন দিয়ে। সেগুলোই আবার পরের বল খেলতে গিয়ে কাজে লাগাতে চাইলেন হুট করেই ফর্ম হারানো এই ব্যাটসম্যান। এছাড়া ঘুরে ফিরে ব্যাটিং-বোলিং করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদরা। তবে ঐচ্ছ্বিক অনুশীলন ছিল বলেই কাল সন্ধ্যায় সাকিব ছাড়াও ছিলেন আরও ছয় ক্রিকেটার।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার পরের দিন দল যখন কলকাতার পথে, তখন অধিনায়ক সাকিব ফিরে যান দেশে। সেখানে দুদিন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে তালিম নিয়ে কাল রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। তাই কাল ইডেনে দেড় ঘণ্টার সেশনে সাকিবের না থাকারই কথা। তবে অধিনায়কের মতো আরও সাত ক্রিকেটার ছিলেন না ইডেনে প্রথম দিনের প্রস্তুতিতে। এক তাসকিন ছাড়া বাকি চার ফাস্ট বোলার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব অনুশীলনে আসেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরুদ্ধ স্রোতে দারুণ শতক হাঁকানো মাহমুদুল্লাহও ছিলেন বিশ্রামে। নেটে রান খরা কাটাতে ঘাম ঝরানোর চেয়ে বিশ্রামে থাকা শ্রেয় মনে করেছেন ওপেনার লিটন কুমার দাসও।

ডাচদের বিরুদ্ধে জয়ে ফেরার লক্ষ্যে আজ অবশ্য পুরো দলকেই এক সঙ্গে পাবেন চ-িকা হাথুরুসিংহে। দুদিনের ছুটি নিয়ে প্রিয় ফাহিম স্যারের কাছ থেকে রান খরা কাটানো দাওয়াই নিতে যাওয়া সাকিবের কলকাতায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল আজ। তবে সাকিব ভীষণ আনপ্রেডিক্টেবল বলেই কিনা আসাটা এগিয়ে কাল রাতেই হোটেল তাজ বাংলায় চেক-ইন করেছেন অধিনায়ক।

দলের সঙ্গে অনুশীলন না করায় সাকিবের খুব আক্ষেপ হওয়ার কথা নয়। ভারতের দ্বিতীয় বৃহত্তম ইডেন গার্ডেন বাংলাদেশের অনেকের কাছে অপরিচিত হলেও ১৬০ বছরের ইডেন সাকিবের ভীষণ চেনা, সেটা কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ কয়েক বছর আইপিএল-এ খেলার সুবাদে। সেই অভিজ্ঞতা, ফাহিমের দাওয়াই কাজে লাগিয়ে সাকিবের ব্যাট হাসলে, আর বাকি সতীর্থরা ব্যাটে-বলে নিজেদের খুঁজে পেলে নতুন শুরু তো হতেই পারে বাংলাদেশের।