সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে ‘ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য উন্মুক্ত অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফয়সাল মিকদাদ বলেছেন, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার আছে’ বলার মাধ্যমেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো গাজায় বোমাবর্ষণ এবং অঞ্চলটি ধ্বংস করার জন্য ইচ্ছামতো স্বাধীনতা দিয়েছে।
ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করা এবং তাদের বিদ্যুৎ ও পানি থেকে বঞ্চিত করা ‘যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে মন্তব্য করেন তিনি।
এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে এখন সাত হাজার ২৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে দুই হাজার ৯১৩ জন শিশু। এক হাজার ৭০৯ জন নারী এবং ৩৯৭ জন বৃদ্ধ।