সম্প্রতি নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের ব্যানারে রাজধানীর একাধিক স্থানে মানববন্ধন হয়েছে। তারা এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় একটি গ্রুপ। নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে এই অপপ্রচারে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৩ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করেছে তারা।
এনসিটিবির কর্মকর্তারা বলছেন, এ বছর মাত্র তিনটি শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আর আগামী বছর আরও চারটি শ্রেণিতে তা চালু হবে। তবে নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ এখনো শেষ হয়নি। অথচ এর আগেই একটি চক্র বই সংগ্রহ করে অপপ্রচার শুরু করেছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে কোচিং সেন্টারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য কোচিং সেন্টারের কিছু মালিক মূলত নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর হাতে বই পৌঁছানোর আগেই ষড়যন্ত্রকারীদের হাতে পৌঁছেছে। বিষয়টি গুরুতর। আমরা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছি। আশা করছি তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।