আ.লীগ নেতারা হত্যার হুমকি দিচ্ছেন : রিজভী

আওয়ামী লীগের নেতারা সংঘাতের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা বারবার বলেছি, আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ। তারা সংঘাতের হুমকি দিচ্ছি। তারা বলছে তারা লাঠি নিয়ে যাবে। তারা আবারও মানুষ হত্যার হুমকি দিচ্ছেন।’ গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘২৮ অক্টোবরের সমাবেশ শান্তিপূর্ণ হবে। এই সমাবেশ সফল করতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা রাতদিন কাজ করছেন। জনগণের সুসংগঠিত করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে সাংগঠনিকভাবে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের ধারা পর্বে একটা চূড়ান্ত লগ্নে উপস্থিত হয়েছি। মানুষ অধিকারহারা, ভয়ে ভয়ে থাকছে, ফেসবুকে কেউ একটু কিছু লিখছে তাকে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। আমরা এর পরিবর্তন চাই, জনগণ এর পরিবর্তন চায়।’

তিনি বলেন, ‘সরকারি দলের ভয় তো জনগণকে, জনগণের সমাবেশকে। আমাদের তো সেই ভয় নেই। আমরা জনগণ নির্ভর রাজনৈতিক দল, তাদের ওপর আমরা ভরসা করে আছি। আমাদের না আছে আইনশৃঙ্খলা বাহিনী, না আছে অন্য কোনো প্রতিষ্ঠান যেগুলো দিয়ে একেবারে হাতের মুঠোয় নিয়ে ব্যবহার করা যায় সেই প্রতিষ্ঠান আমাদের নেই। আমরা জনগণকে আহ্বান করছি আরেকটি একতরফা অবৈধ নিশিরাতের নির্বাচন করে আবার ক্ষমতায় থাকার যে মাস্টার প্ল্যান আঁকা হয়েছে আমরা সেটার বিরুদ্ধে সোচ্চার আছি, থাকব।’