সম্রাট আকবরের মৃত্যুবার্ষিকী আজ

জালালউদ্দিন মুহাম্মদ আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। ১৫৪২ সালের ১৫ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। পিতা সম্রাট হুমায়ুন আর মা হামিদা বানু বেগম। পিতার মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। রাজ্যশাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন এবং প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দান করেন। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সব থেকে ফলপ্রসূ আমলাতন্ত্রের মধ্যে অন্যতম।

সম্রাট আকবর শাসিত সাম্রাজ্যে ক্ষমতার অপব্যবহারের শাস্তি ছিল একমাত্র মৃত্যুদণ্ড। আকবর তার নিজস্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ‘দীন-ই-ইলাহি’ নামক ধর্ম চালু করার চেষ্টা করেন। শিল্পকলার ইতিহাসেও আকবরের আমল এক স্মরণীয় অধ্যায়। হিন্দুদের প্রতি যেমন তার নমনীয়তা-শ্রদ্ধা তাকে সাম্রাজ্যের ভিত্তি ও সুদৃঢ়করণে বিশেষ ভূমিকা পালন করেছিল তেমনি তার স্থাপত্য, সাহিত্য, চিত্রশিল্পগুলো বর্ণে ও রেখায় ভাবে ও ব্যঞ্জনায় আবালবৃদ্ধবনিতার মন জয় করে নিয়েছিল। আকবর ১৫৫৬ থেকে ১৬০৫ পর্যন্ত সুদীর্ঘ ৪৯ বছর দোর্দণ্ড প্রতাপ, প্রতিভা, রাজ্যবিস্তার ও প্রশাসনিক ক্ষমতা সংহতকরণ, ধর্ম-মত-অর্থ ও রাজস্ব সংস্কার সাধনে ব্যাপৃত হয়েছিলেন।

তার নবরত্ন সভার সভাসদরা জ্ঞান, প্রজ্ঞা ও পাণ্ডিত্য দিয়ে তাকে ঋদ্ধ করেছিলেন। তিনি ‘ফসলি সন’ প্রবর্তনের যে কাজটি করেছিলেন, তা সুবে বাংলার (বর্তমানের বাংলাদেশ) জন্য আজও চিরস্মরণীয়। পুরো ভারতবর্ষের একমাত্র বাংলাদেশে তার প্রবর্তিত ‘ফসলি সন’ কার্যকর রয়েছে বাঙালির নিজস্ব পঞ্জিকা বর্ষ ‘বঙ্গাব্দ’ বা ‘বাংলা সন’ হিসেবে। ১৬০৫ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর ৬৩ বছর বয়সে উদরাময় রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।