শ্রীপুরে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার, রাতে বাড়ি বাড়ি তল্লাশি

গাজীপুরের শ্রীপুরে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সুমন আহম্মেদ আকন্দ, গাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মন্ডল, ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য আরিফুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু জানান, বহু নেতাকর্মীর নামে কোনো মামলা নাই, গায়েবি মামলার নামে ধরপাকর চালাচ্ছে পুলিশ। আমাদের ২৮ অক্টোবরের কেন্দ্রীয় সমাবেশ বানচালে পুলিশ বাহিনী ব্যবহার করছে সরকার।

তার দাবি, মহাসমাবেশ বানচাল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে রাতে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। বিভিন্ন সময় নেতাকর্মীর বাড়িতে গিয়ে স্বজনদের পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম সন্ধ্যায় গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, অভিযানে গ্রেপ্তার হওয়া সবার নামেই মামলা আছে। মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাউকে হয়রানি বা অহেতুক ভয়ভীতি দেখানো পুলিশের কাজ নয়। যারা এমন অভিযোগ করছে সত্য নয়। পুলিশ আইন মেনেই আসামি গ্রেপ্তার চালায়।