যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামাতের যে অপশক্তি, সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য অতীতের মত আগামীকালের শান্তি সমাবেশে এবং রাজপথে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবে। শুধু এই সমাবেশ নয়, নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে ও নির্বাচনী মাঠে থাকতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রতিটি নেতা-কর্মীরা রাজপথে থাকবে।
আজ শুক্রবার বিকেল ৪টায় যুবলীগ দক্ষিণের উদ্যোগে 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী, রগ কাটা বাহিনীকে নিয়ে মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, সেই উন্নয়ন-অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। বিএনপি-জামাত সমাবেশের নামে যদি সাধারণ মানুষের যান-মালের ক্ষতি করে, অগ্নি সন্ত্রাস করে তাহলে যুবলীগের নেতা-কর্মীরা তাদেরকে রাজপথে কঠোরভাবে প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।