বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীর প্রবেশ মুখ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি চালিয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাজধানীতে প্রবেশ মুখ রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকার সুলতানা কামাল সেতু ও ৩০০ ফুট সড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন যানবাহনে পুলিশ তল্লাশি শুরু করেন।
জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের অনুমতি পেয়েছেন। নেতা-কর্মীরাও নির্দ্দিষ্ট জায়গায় জড়ো হচ্ছেন। রাজধানীর আশপাশের জেলা উপজেলা থেকে উভয় দলের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে সমাবেশ স্থল এলাকায় প্রবেশ করছেন। দুই দলের নেতাকর্মীরা তাদের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আর এ কারণেই নাশকতা মূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীর প্রবেশ মুখ নারায়ণগঞ্জ রূপগঞ্জে পুলিশ বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন।
এদিকে, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শায়েদ জানান, ঢাকা সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক, ঢাকা চট্টগ্রাম সড়ক ও ৩০০ ফুট সড়ক যোগে মাইক্রোবাস, বাস, ট্রাক, প্রাইভেটকারসহ শত শত যানবাহন রাজধানীর প্রবেশ মুখ রূপগঞ্জের উপর দিয়ে রাজধানীরসহ সারাদেশে চলাচল করছে। আর রাজধানীতে বিএনপি- আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী, নানা ধরনের আগ্নেয়াস্ত্রসহ অপরাধীরা রাজধানীতে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে। আর এমন আশঙ্কায় রূপগঞ্জ থানা পুলিশ রাজধানীতে প্রবেশ মুখ রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকার সুলতানা কামাল সেতু ও ৩০০ ফুট সড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন যানবাহনে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।
ওসি আরও জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমাদের। তাই আমাদের নিয়মিত অভিযানের অংশই এটি। অপরাধীদের কোনো প্রকার অপরাধ করতে দেওয়া হবে না। নাশকতা মূলক কর্মকাণ্ড কেউ যদি স্বপ্নেও চিন্তা করেন তাহলে ভুল করবেন। রূপগঞ্জ থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। রাজধানীর প্রবেশ মুখসহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের রূপগঞ্জের নেতাকর্মীরা আগে থেকেই বিভিন্ন কৌশলে রাজধানীতে প্রবেশ করেছেন। আমরা যেকোনো মূল্যে আমাদের সমাবেশ সফল করব।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বিএনপি সমাবেশ করলে আমরাও সমাবেশ করব। ইতোমধ্যে রূপগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা আওয়ামী লীগের সমাবেশের স্থলে পৌঁছাবো ইনশাল্লাহ। আর যদি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামাত কোনো প্রকার নাশকতা করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।