আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে।
তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। রাতে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে নয়াপল্টন যেন জনারণ্য।
মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষের পথে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
শনিবার সকাল ৮টার দিকে সরজমিন দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে যাচ্ছেন। তবে সেদিকে এগোনোর উপায় নেই। বেলা গড়াতেই এ জনসমাগম আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজকের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।