১৭৫ রানের উদ্বোধনী জুটি ভাঙল

দুর্দান্ত ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার খেললেন আরেকটি চমৎকার ইনিংস। সম্ভাবনা জাগালেন বিশ্বকাপে টানা তৃতীয় সেঞ্চুরির। কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন না অস্ট্রেলিয়া ওপেনার। তাকে ফিরিয়ে ১৭৫ রানের উদ্বোধনী জুটি ভাঙলেন গ্লেন ফিলিপস।

নিউজিল্যান্ডের অনিয়মিত স্পিনার ফিলিপস সোজা ব্যাটে খেলেন ওয়ার্নার। তার শটে জোর ছিল না, সঙ্গে প্রত্যাশামতো তুলতেও পারেননি বল। ফিরতি বল মুঠোয় জমিয়ে কিউইদের প্রথম সাফল্য এনে দেন ফিলিপস।

৬৫ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৮১ রান করে ফিরলেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে ১৬৩ ও নেদারল্যান্ডসের সঙ্গে ১০৪ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়ার্নার ফিরে গেলেও অসাধারণ ব্যাটিংয়ে দলকে টানছেন ট্রাভিস হেড। চোট কাটিয়ে দলে ফিরেই নিজেকে মেলে ধরেছেন বাঁহাতি এই ওপেনার। সেঞ্চুরির সুবাস পেতে শুরু করেছেন তিনি। খেলছেন ৯২ রানে। তার সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ।