কাজাখস্তানে খনিতে আগুন, নিহত ২১

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে এবং আরও ২৩ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

লুক্সেমবার্গভিত্তিক বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তলের কোসতেনকো খনিতে ওই দুর্ঘটনা ঘটে। আর হতাহত এবং নিখোঁজের তথ্য জানায় সংস্থাটির স্থানীয় ইউনিট আর্সেলর মিত্তাল টারমিটাউ।

শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি এ খবর জানায়।

দুর্ঘটনার সময় কোসতেনকো খনিতে ২৫২ জন শ্রমিক কাজ করছিলেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এখন পর্যন্ত আহত ১৮ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।

তবে কিছুদিন আগেই দেশটির প্রেসিডেন্ট টোকায়েভ ওই ইস্পাত কোম্পানিতে বিনিয়োগ বন্ধের নির্দেশ দেন। তিনি এই কোম্পানিকে জাতীয়করণ করতে চান বলে জানা গেছে।

এমনকি দেশটির বৃহত্তম এই ইস্পাত মিল পরিচালনাকারী সংস্থাটিকে জাতীয়করণের জন্য একটি চুক্তিও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তান সরকার।

তবে আর্সেলরমিত্তল পরিচালিত খনিতে আগুন এই প্রথমবার নয়। গত দুই মাসে দ্বিতীয় বারের মতো এ ধরনের দুর্ঘটনা ঘটলো খনিটিতে। এর আগে গত আগস্টে এই কোম্পানির কারাগান্ডে নামের একটি খনিতে অগ্নিকাণ্ডে চার শ্রমিকের মৃত্যু হয়।