রবিবার ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রবিবারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রবিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারো ক্ষয়-ক্ষতি না হয়। এ জন্য আগামীকাল (আজকের) পরীক্ষা স্থগিত করা হয়।

এদিন রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রবিবার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, আট ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ এর ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উর্ত্তীণদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়েছে।