উপদেশ নয় অর্থ নিয়ে আসুন, যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী

উপদেশ নয়, যুক্তরাষ্ট্রকে উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগের জন্য অর্থ নিয়ে আসতে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের টাকা দরকার। আপনারা টাকা নিয়ে আসেন। আপনারা শুধু উপদেশ নিয়ে আসেন, উপদেশে আমাদের মন ভরে না। আপনারা যদি চায়নাকে হারাতে চান, তাহলে আপনারাও চায়নিজদের মতো টাকার ঝুড়ি নিয়ে আসেন এবং সহনীয় প্রস্তাব নিয়ে আসেন।

আজ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রও উন্নয়শীল দেশগুলোর জন্য ২৫০ বিলিয়ন ডলারের তহবিল নিয়ে আসার চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বার্থ হাসিলের জন্য অনেক দেশ প্রোপাগান্ডা (অপপ্রচার) করছে। উদ্দেশ্য জিনিস বিক্রি করা, ব্যবসা করা। আমরা বলেছি, যুদ্ধতে আমরা নাই। আমরা বলেছি, বোয়িং কিনতে চাই। আর যায় কোথায়! তারা বলছে, বোয়িংয়ের দাম অর্ধেক করে দেবে। খালি ব্যবসা। বাকি যে মানবাধিকার, গণতন্ত্র, এগুলো ভাঁওতাবাজি। চাপ দেওয়ার জন্য এগুলো করছে।