নারায়ণগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নারায়ণগঞ্জ মহানগর এলাকার চাষাঢ়ায় পুলিশের সঙ্গে হরতালকারী বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের ছোড়া গুলিতে মহানগর যুবদলের তিনজন গুলিবিদ্ধ হয়েছে। অপরদিকে গণতন্ত্র মঞ্চের মিছিলেও বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ব্যানার কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

২৯ অক্টোবর সকাল সাড়ে ৭টা হতে বিএনপি ও মহানগর যুবদলের নেতাকর্মীরা চাষাঢ়া বালুরমাঠ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপির লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল নামে তাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ ও আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

সদর মডেল থানার ওনি আনিচুর রহমান জানান, কয়েকজন মিলে বালুরমাঠ এলাকাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ কঠোর অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।