দুই মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মত বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ১২ জনেরই মৃত্যু হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে অ্যাক্রের প্রাদেশিক সরকার জানায়, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। প্রাদেশিক সরকারের তথ্যমতে, বিমান দুর্ঘটনায় ১০ যাত্রী এবং সেই সঙ্গে পাইলট ও কোপাইলট সবাই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু ছিল। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হবে। বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুন ধরে যায়। কর্মকর্তাদের মতে, প্রবল বৃষ্টির কারণে পাইলট ও কো-পাইলটের দেখতে অসুবিধা হওয়ায় পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়। সেই দুর্ঘটনায় নিহত ১২ জন যাত্রীর সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক এবং অন্য দুজন ছিলেন ক্রু সদস্য।