মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে জয়পুর গ্রামে ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. লাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি। লাল মিয়া জয়পুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
আজ সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে শ্বশুর বাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস দেন লাল মিয়া। স্বজনেরা উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, লাল মিয়ার বাড়ি রংপুর জেলায়। প্রায় ২০ বছর আগে জয়পুর গ্রামের রমজান মিয়ার মেয়ে মর্জিনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। লাল মিয়া মর্জিনা দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
লাল মিয়ার শ্যালক কামাল হোসেন জানান, বিভিন্ন ব্যাংক থেকে পারিবারিক প্রয়োজনে অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ঋণ পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু কোনোভাবেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।