বিশ্বকাপে বাংলাদেশ অন্তত দুটি জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সেই দল দুটি আফগানিস্তান ও নেদারল্যান্ডস। আফগানদের হারাতে পারলেও ডাচদের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। সেই পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। চোখে-মুখে ছিল হতাশার ছাপ। কণ্ঠেও ফুটে উঠেছিল সেটা। তবে পাকিস্তান ম্যাচের আগে আজ তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে।
কলকাতার ইডেন গার্ডেনসের সংবাদ সম্মেলন কক্ষে শুরু থেকেই সাবলীলভাবে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাকিব। শেষে সম্মেলন কক্ষ ত্যাগ করার আগে বের হওয়ার মুহূর্তে সবার উদ্দেশে এক গাল হেসে সাকিব বলেছেন, ‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে।’
এর আগে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের টানা চার পরাজয় বাংলাদেশেকে ম্যাচ জিততে সহযোগিতা করবে কিনা বা প্রতিপক্ষের বাজে সময়ে বাংলাদেশ সুবিধা নিতে পারবে কিনা?
উত্তরে সাকিব বলেন, ‘একই কথা তারাও বলতে পারে যে, আমরাও পাঁচটা ম্যাচ হেরে বসে আছি। এটা ওদের এডভান্টেজ। কী বলব বলেন? (হাসি)।’ তার জবাব শুনে সংবাদ সম্মেলন কক্ষে হাসির রুল পড়ে যায়।